
এনএনবি ডেস্ক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে
সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, এ মামলা
দ্রুত বিচার ট্রাইব্যুনালে পরিচালিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই রায়
নিশ্চিত করা হবে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ
নজরুল বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২-এর ১০ ধারার বিধান অনুযায়ী
পুলিশ প্রতিবেদন জমা দেওয়ার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার কার্যক্রম শেষ
করা হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে
নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন। গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স
কালভার্ট সড়কে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা তাঁর মাথায় গুলি করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার
হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫
ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায়
হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরবর্তীতে ওসমান হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা
মামলায় রূপান্তরিত হয়।
রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন
ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। আবেদনে উল্লেখ করা হয়,
গোয়েন্দা সূত্রে জানা গেছে, আসামি যেকোনো সময় দেশত্যাগের চেষ্টা করতে পারেন।
তাই স্থল, নৌ ও বিমানবন্দর ব্যবহার করে পালানোর সম্ভাবনা ঠেকাতে বিদেশ গমনে
নিষেধাজ্ঞা জরুরি।
COMMENTS