
এনএনবি
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৬
শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম
শুরু হচ্ছে আগামী ২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। eSIF ফরম পূরণের মাধ্যমে এ
রেজিস্ট্রেশন চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম
সম্পন্ন করতে সব প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা
নিতে অনুরোধ করা হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর
ন্যূনতম বয়স হতে হবে ৯ বছর এবং সর্বোচ্চ ১৫ বছর। তবে বিশেষ চাহিদাসম্পন্ন
শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২০ বছর।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, ঢাকা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও
স্বীকৃতি পাওয়া স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরাই নিজ নিজ
প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। বোর্ডের অনুমোদনহীন প্রতিষ্ঠানের
শিক্ষার্থীদের নিকটবর্তী অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল অ্যান্ড
কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। কোনো অবস্থাতেই অনুমোদনহীন প্রতিষ্ঠান নিজ
নামে রেজিস্ট্রেশন করতে পারবে না।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় ঢাকা বোর্ডের ওয়েবসাইটে OEMS/eSIF অপশনে গিয়ে EIIN ও
পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। ড্যাশবোর্ড থেকে eSIF SIX অপশনে গিয়ে
নির্ধারিত তথ্য পূরণ করে সোনালি সেবার মাধ্যমে ফি পরিশোধের স্লিপ প্রিন্ট করতে
হবে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংকে ফি জমা হলে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি
সম্পন্ন করা যাবে।
ফি কাঠামো অনুযায়ী, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যুব রেড ক্রিসেন্ট ফি মোট ৬০
টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩৬ টাকা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে যুব রেড
ক্রিসেন্ট কার্যক্রমের জন্য সংরক্ষণ করতে হবে এবং বাকি ২৪ টাকা শিক্ষা বোর্ডে জমা
দিতে হবে।
প্রতি শিক্ষার্থীর জন্য রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি নির্ধারণ করা
হয়েছে—রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, গার্ল গাইডস ফি ১৫ টাকা, স্কাউট ফি ২৫ টাকা ও রেড
ক্রিসেন্ট ফি ৮ টাকা। নির্ধারিত সময়ে রেজিস্ট্রেশন করলে মোট ফি হবে ৯৮ টাকা।
বিলম্বে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অতিরিক্ত ৫০ টাকা যোগ হয়ে মোট ফি দাঁড়াবে ১৪৮
টাকা।
অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীদের তথ্যসহ স্বাক্ষরিত চূড়ান্ত
তালিকার প্রিন্ট কপি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ করতে হবে বলে নির্দেশনা
দেওয়া হয়েছে।
*বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.dhakaeducationboard.gov.bd
COMMENTS