
এনএনবি, ঢাকা
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি
করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন নির্ধারিত ফি অনুযায়ী,
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বোচ্চ ২ হাজার ৯৯৫ টাকা এবং মানবিক ও ব্যবসায়
শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২ হাজার ৪৩৫ টাকা পরিশোধ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) প্রকাশিত বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়। গত বছর বিজ্ঞান বিভাগের জন্য ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায়
শিক্ষা বিভাগের জন্য ২ হাজার ২২৫ টাকা। সেই হিসাবে এবার ফরম পূরণে ২১০ টাকা
বৃদ্ধি পেয়েছে।
আগামী ১ মার্চ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। বিলম্ব ফি
ছাড়া ৯ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে
১৮ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে; এ ক্ষেত্রে ফি জমার শেষ সময় ১৮ মার্চ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈধ রেজিস্ট্রেশনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ
শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে। তবে সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধিত
শারীরিকভাবে অক্ষম, সেরিব্রাল পালসি বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের
ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষার শর্ত শিথিলযোগ্য।
২৬ ফেব্রুয়ারির মধ্যে কলেজগুলো নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করবে। একই দিন
বোর্ডের ওয়েবসাইটে সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে, সেখান থেকেই
শিক্ষার্থীরা অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ নির্ধারিত ফি ২ হাজার ৯৯৫ টাকা।
মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে মূল ফি ২ হাজার ৩৩৫ টাকা হলেও, চতুর্থ
বিষয় বা নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা করে যুক্ত
হবে। নির্ধারিত ফির বাইরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৪ মাসের টিউশন ফি আদায় করতে
পারবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ এখনো নির্ধারিত হয়নি। তবে মে-জুন
মাসে পূর্ণাঙ্গ সিলেবাস, পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে
শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া, পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট আয়োজন করা গেলেও তা বাধ্যতামূলক করা
যাবে না এবং এ জন্য অতিরিক্ত ফি নেওয়া নিষিদ্ধ থাকবে।
COMMENTS