
এনএনবি ডেস্ক
২০২৬ সালের হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা
হজযাত্রীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দেওয়ার
নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক
স্বাক্ষরিত হজ-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে
বলা হয়েছে, হজ ২০২৬-এর জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীরা
প্রাথমিকভাবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী প্রত্যেক
হজযাত্রীকে নির্ধারিত প্যাকেজ মূল্যের সম্পূর্ণ অর্থ ৩১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে
বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। যারা এখনো নির্বাচিত প্যাকেজের পূর্ণ অর্থ
পরিশোধ করেননি, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট টাকা জমা নিশ্চিত করার
জন্য অনুরোধ জানানো হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট অর্থ
জমা না দিলে সংশ্লিষ্ট হজযাত্রীর ২০২৬ সালের হজে গমন অনিশ্চিত হয়ে পড়তে পারে।
COMMENTS