
এনএনবি ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি ও ভিডিও এখন এতটাই বাস্তবসম্মত হয়ে
উঠেছে যে অনেক ক্ষেত্রেই আসল ও কৃত্রিমভাবে তৈরি কনটেন্ট আলাদা করা কঠিন হয়ে
পড়ছে। এ পরিস্থিতিতে ডিপফেক ভিডিও ও এআই–সম্পাদিত ছবির সত্যতা যাচাইয়ে
ব্যবহারকারীদের সহায়তা দিতে জেমিনি অ্যাপে নতুন শনাক্তকরণ সুবিধা চালু করেছে
গুগল।
গুগল জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এই সুবিধার মাধ্যমে শুধু গুগলের নিজস্ব
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি ও ভিডিও যাচাই করা যাবে। এর ফলে
কোনো কনটেন্ট এআই–নির্মিত কি না, তা সহজেই জানা সম্ভব হবে।
যেভাবে যাচাই করা যাবে
এআই দিয়ে তৈরি ছবি বা ভিডিও শনাক্ত করতে জেমিনি অ্যাপের সর্বশেষ সংস্করণ
ব্যবহার করতে হবে। যাচাই করতে চাওয়া ছবি বা ভিডিও অ্যাপে আপলোড করার পর
জেমিনিকে প্রশ্ন করতে হবে—‘Was this generated by Google AI’ অথবা ‘Is this AI
generated’। এরপর কনটেন্ট বিশ্লেষণ করে ফলাফল জানাবে অ্যাপটি।
ভিডিও আপলোডের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ মেগাবাইট আকারের এবং ৯০ সেকেন্ড দৈর্ঘ্যের
ফাইল যুক্ত করা যাবে।
যেভাবে শনাক্ত করবে জেমিনি
আপলোড করা কনটেন্টে গুগলের ‘সিনথআইডি’ (SynthID) ডিজিটাল ওয়াটারমার্ক রয়েছে কি
না, তা স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করবে জেমিনি। ভিডিওর ক্ষেত্রে অডিও ও দৃশ্যমান
অংশ আলাদাভাবে বিশ্লেষণ করা হবে। প্রয়োজনে ভিডিওর নির্দিষ্ট কোন অংশে এআইয়ের
ব্যবহার শনাক্ত হয়েছে, সেটিও জানিয়ে দেবে অ্যাপটি।
সিনথআইডি কী
সিনথআইডি হলো গুগলের তৈরি একটি ডিজিটাল ওয়াটারমার্কিং প্রযুক্তি। এআই দিয়ে
কনটেন্ট তৈরি হওয়ার সময়ই এতে অদৃশ্য চিহ্ন যুক্ত করা হয়, যা মানুষের চোখে দেখা
না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব। গুগলের দাবি, ছবি বা
ভিডিও ক্রপ করা, ফিল্টার যোগ করা, সংকুচিত করা বা ফ্রেম পরিবর্তনের পরও এই
ওয়াটারমার্ক অক্ষত থাকে।
বিশেষজ্ঞদের মতে, এআই–তৈরি কনটেন্ট শনাক্তে গুগলের এই উদ্যোগ ভুয়া তথ্য ও
বিভ্রান্তি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
COMMENTS