
এনএনবি
১৬ বছরের কম বয়সী শিশু–কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার
সিদ্ধান্ত নিয়েছে স্পেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে দেশটিতে
কার্যক্রম পরিচালনাকারী সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে
বাধ্যতামূলকভাবে বয়স যাচাই প্রযুক্তি চালুর নির্দেশ দেওয়া হবে। শিশু–কিশোরদের
মানসিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, বর্তমান ডিজিটাল পরিবেশ শিশুদের
জন্য মোটেই নিরাপদ নয়। তাঁর ভাষায়, শিশুদের এমন এক অনলাইন পরিসরে প্রবেশ করতে
হচ্ছে, যা আসক্তি, নির্যাতন, পর্নোগ্রাফি, অপব্যবহার ও সহিংসতায় পরিপূর্ণ। এ
পরিস্থিতিকে ‘ডিজিটাল ওয়াইল্ড ওয়েস্ট’ আখ্যা দিয়ে তিনি জানান, সরকার আর এ ঝুঁকি
মেনে নেবে না।
প্রস্তাবিত আইনের আওতায় সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধ বা ঘৃণামূলক কনটেন্ট দ্রুত
সরাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের বিরুদ্ধে ফৌজদারি
দায় আরোপ করা হবে। পাশাপাশি অ্যালগরিদমের মাধ্যমে অবৈধ কনটেন্ট ছড়িয়ে পড়লে
ব্যক্তি ও প্ল্যাটফর্ম—উভয়কেই জবাবদিহির আওতায় আনা হবে। সানচেজ বলেন, ঘৃণা ও
সহিংসতা ছড়ানোর ক্ষেত্রে দায় নির্ধারণ এখন অপরিহার্য।
সরকারি সূত্র জানায়, আগামী সপ্তাহ থেকেই এ বিষয়ে আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু
হবে। একই সঙ্গে হেট স্পিচ পর্যবেক্ষণের জন্য নতুন মনিটরিং ব্যবস্থা চালু করা
হবে, যাতে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর ভূমিকা তথ্যভিত্তিকভাবে
বিশ্লেষণ করা যায়।
উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম
নিষিদ্ধ করে বিশ্বে প্রথম দেশ হিসেবে নজির স্থাপন করে। এ ছাড়া ফ্রান্স ও
ডেনমার্ক ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে,
আর যুক্তরাজ্যও অনুরূপ সিদ্ধান্ত বিবেচনা করছে।
COMMENTS