
এনএনবি, ফেনী
ফেনীতে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি অফিসে যৌথ বাহিনীর অভিযানে এক কোটি
টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। অভিযানে কুরিয়ার
সার্ভিসের দুই কর্মকর্তাকে আটক করা হয়েছে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ফেনী শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কে
অবস্থিত এসএ পরিবহন কুরিয়ারের মহিপাল শাখায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মহিপাল শাখার ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) এবং সহকারী
ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫)। বিজিবি এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি, সেনাবাহিনী ও পুলিশের
সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। অভিযানের সময় অফিস ও সংশ্লিষ্ট কুরিয়ার সামগ্রী
থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট,
ফেসওয়াশ এবং আতশবাজি উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি
২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ
হোসেন জানান, জব্দ করা মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে
ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, নির্বাচন ডিউটির পাশাপাশি
সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে
বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
COMMENTS