
এনএনবি, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে নাগরিকদের জন্য সঠিক,
নির্ভরযোগ্য ও যাচাইকৃত তথ্য নিশ্চিত করতে টোল ফ্রি হেল্পলাইন চালু করেছে
সরকার। নির্বাচন কমিশনের সহযোগিতায় সরকারের এটুআই প্রকল্পের উদ্যোগে চালু হওয়া
এ সেবা পাওয়া যাবে জাতীয় হেল্পলাইন নম্বর ৩৩৩-তে ডায়াল করে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও
নাগরিকবান্ধব করতেই এই বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের যেকোনো মোবাইল অপারেটর থেকে ৩৩৩ নম্বরে ফোন করে ৯
চাপলে নির্বাচন–সংক্রান্ত তথ্য জানা যাবে। এই সেবার মাধ্যমে ভোটাররা ভোট দেওয়ার
নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র–সংক্রান্ত তথ্য,
নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার ব্যবস্থা, প্রতিবন্ধী,
প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা এবং জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয়
যোগাযোগ নম্বর সম্পর্কে সহায়তা পাবেন।
এ ছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ ও
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহারের নিয়ম সম্পর্কেও এই হেল্পলাইন থেকে
বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় জানায়, গত ১৬ জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এ সেবার
মাধ্যমে ইতিমধ্যে ১ হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা গ্রহণ করেছেন। জাতীয়
হেল্পলাইন ৩৩৩-এর এই উদ্যোগ নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি, গুজব ও ভুল তথ্য
প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
COMMENTS