
মোহাম্মদ মোরশেদ আলম
গাজীপুর নগরের গাছা এলাকায় তুচ্ছ বিবাদের জেরে এক নারী ব্যবসায়ীকে প্রকাশ্যে
ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত ২ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে প্রধান
আসামিকে গ্রেপ্তার করেছে।
নিহত ব্যবসায়ীর নাম রানু বেগম (৪০)। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ
গ্রামের মো. হিরোনের স্ত্রী। গাজীপুর মহানগরের পশ্চিম কলমেশ্বর এলাকায় ভাড়া
থাকতেন এবং দুলাল মার্কেটে ‘রানী ফ্যাশন গ্যালারি’ নামে কাপড়ের দোকান পরিচালনা
করতেন।
গ্রেপ্তার আসামি আশিক ইসলাম ওরফে স্বপন (২৭) কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের
ছেলে এবং গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক
সাধারণ সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রানু বেগম দীর্ঘদিন ধরে সুদের ভিত্তিতে টাকা
লেনদেন করতেন। পাওনা টাকা নিয়ে মুদিদোকানি নজরুল ইসলাম ও তাঁর ছেলে আশিক
ইসলামের সঙ্গে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে রানু বেগম গতকাল সকালে আশিকের
বাবাকে গালিগালাজ করেন। ঘটনার খবর পেয়ে ক্ষিপ্ত হয়ে আশিক ধারালো ছুরি নিয়ে
রানুর ওপর হামলা চালায়। রানুকে বাঁচাতে এগিয়ে আসা তাঁর ছেলে হৃদয় মিয়া ও
ওসমান হোসেনকেও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রানু বেগমকে স্থানীয়রা
উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে বিকেলে তিনি মারা যান।
ঘটনার পর নিহতের ছেলে হৃদয় বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে
ময়মনসিংহের ভালুকা থেকে আশিককে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে
পাঠায়। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, অন্যান্য
অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, “আমরা কোনো
সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিই না। আশিক অপরাধ করে থাকলে, তাঁর
দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তিনি বর্তমানে সংগঠনের সঙ্গে যুক্ত নন।”
COMMENTS