
এনএনবি, ঢাকা
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন
মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল
করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেলে স্বাস্থ্য
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এ সিদ্ধান্তের কথা
জানান।
গত ২৭ মে ভোরে হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে এক থেকে চার
দিন বয়সী ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে স্বাস্থ্য
মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্তে হাসপাতাল
কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।
স্বাস্থ্য
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান
স্বাক্ষরিত এক চিঠিতে হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী ডা. সেখ
মহিউদ্দীনকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়,
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জারি করা কারণ দর্শানোর নোটিশের জবাবে হাসপাতাল
কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক বিবেচিত হয়নি। ফলে ‘দ্য মেডিকেল
প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অধ্যাদেশ,
১৯৮২’-এর ১১(২)(খ) ধারা অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আইন
অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার আবেদন করার
সুযোগ রয়েছে।
এর আগে বুধবার (১০ জুন ২০২৬) স্বাস্থ্য ও পরিবার
কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যায়
মন্ত্রণালয় সন্তুষ্ট নয়। প্রয়োজনীয় তথ্যের পরিবর্তে দীর্ঘ ব্যাখ্যা দেওয়া হলেও
গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সরাসরি উত্তর পাওয়া যায়নি বলে তিনি মন্তব্য করেন।
স্বাস্থ্য
অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারণ দর্শানোর নোটিশের জবাব ৯ জুন জমা দেয় হাসপাতাল
কর্তৃপক্ষ। প্রাথমিক সময়সীমা শেষ হওয়ার পর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ৪৮
ঘণ্টা সময় দেওয়া হয়েছিল।
তদন্ত প্রতিবেদনে নবজাতকদের মৃত্যুর জন্য
হাসপাতাল কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট নার্স ও কর্মীদের অবহেলা এবং দায়িত্বপ্রাপ্ত
চিকিৎসকের অনুপস্থিতিকে দায়ী করা হয়েছে। ঘটনার পর হাসপাতালের পোস্ট-অপারেটিভ
কক্ষও বন্ধ করে দেওয়া হয়।
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী শিশির
মনির জানিয়েছেন, নিহত প্রতিটি নবজাতকের পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ
দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার দাবি, এরই মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে
প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, আদ্-দ্বীন হাসপাতাল অলাভজনক দাতব্য
প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশনের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও
চেয়ারম্যান সেখ মহিউদ্দীন।
COMMENTS