
এনএনবি, ঢাকা
ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় লিখল বাংলাদেশ।
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে
টাইগাররা।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) মিরপুর শেরে বাংলা জাতীয়
ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে ৫ উইকেটের জয়
তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।
প্রথম
ম্যাচেও বৃষ্টি আইনে ৮৬ রানে জয় পেয়েছিল স্বাগতিকরা। ফলে তিন ম্যাচের সিরিজে ২-০
ব্যবধানে এগিয়ে থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল
মেহেদি হাসান মিরাজের দল। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এখন কেবল ইংল্যান্ডের
বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে
নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদ ও
মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র শূন্য রানে ৩ উইকেট হারায়
সফরকারীরা। ওয়ানডে ইতিহাসে এর আগে কখনো শূন্য রানে ৩ উইকেট হারায়নি
অস্ট্রেলিয়া।
জশ ইংলিশ (৩৪), ক্যামেরুন গ্রিন (২৫), মার্নাস লাবুশেন
(অপরাজিত ৫৫) ও জেভিয়ার বার্টলেটের (৫২) ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ৪২
ওভারে ৮ উইকেটে ১৮৭ রান তুলেই থেমে যায় অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে আর খেলা শুরু
না হওয়ায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে বাংলাদেশের সামনে ৪১ ওভারে
১৯২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়।
বাংলাদেশের হয়ে তাসকিন ও মুস্তাফিজ
৩টি করে উইকেট নেন। তানভীর ইসলাম শিকার করেন ২ উইকেট।
লক্ষ্য তাড়ায়
নেমে দ্বিতীয় বলেই তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ। তবে সৌম্য সরকার ও
নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে দলের ভিত শক্ত করেন। দুজনই
৪২ রান করে আউট হন।
পরবর্তীতে তাওহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিং এবং
অধিনায়ক মেহেদি হাসান মিরাজের দৃঢ় উপস্থিতিতে জয়ের পথ সহজ হয়ে যায়। ষষ্ঠ উইকেটে
দুজনের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে ৩৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়
বাংলাদেশ। হৃদয় ৪০ ও মিরাজ ২২ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরে দলের জয় নিশ্চিত
করেন মিরাজ।
ম্যাচসেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। তার ৩ উইকেটই
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে শুরুতেই চাপে ফেলে দেয়।
আগামী ১৪ জুন
মিরপুরে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সেখানে জয়ের মাধ্যমে
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।
সংক্ষিপ্ত
স্কোর:
অস্ট্রেলিয়া: ১৮৭/৮ (৪২ ওভার) – লাবুশেন ৫৫*, বার্টলেট ৫২;
মুস্তাফিজ ৩/২৭, তাসকিন ৩/৩৩।
বাংলাদেশ: ১৯৫/৫ (৩৫ ওভার) – সৌম্য ৪২,
শান্ত ৪২, হৃদয় ৪০*, মিরাজ ২২*।
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী (ডিএলএস
পদ্ধতিতে)।
সিরিজ: বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে।
COMMENTS