
এনএনবি, ঢাকা
বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি-র চার সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ
দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শুক্রবার
(২০ ফেব্রুয়ারি ২০২৬) এক বিবৃতিতে সংগঠনটি এ উদ্বেগ জানায়।
বিবৃতিতে বলা হয়, সংস্কার ও গণভোটের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত
প্রকাশের জেরে চার সাংবাদিককে নোটিশ দেওয়া হয়েছে এবং সাত দিনের জন্য
কর্মবিরতিতে যেতে বাধ্য করা হয়েছে। এমনকি নিরাপত্তাকর্মীদের কাছে তাঁদের ছবি
সরবরাহ করে কার্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করা
হয়।
কর্মরত সাংবাদিকদের ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতার ওপর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ
‘সেন্সরশিপ’ আরোপ করতে পারে কি না—এ প্রশ্ন তোলে সুজন। সংগঠনটি জানায়, কারণ
দর্শানোর চিঠিতে সংশ্লিষ্ট সাংবাদিকদের ফেসবুক পোস্টের কথা উল্লেখ করে পোস্ট
অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে; অন্যথায় টেলিভিশন ও সাংবাদিকেরা সমস্যায় পড়বেন
বলে সতর্ক করা হয়েছে।
এ পরিস্থিতিতে এখন টিভির মালিকপক্ষ ও সম্পাদকদের কাছে পদক্ষেপের নীতিগত ভিত্তি
স্পষ্ট করার আহ্বান জানিয়েছে সুজন। একই সঙ্গে চার সাংবাদিকের সংবাদকক্ষে
প্রবেশাধিকার নিশ্চিত করতে তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ
কামনা করেছে সংগঠনটি।
COMMENTS