
এনএনবি
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, এ বছর পবিত্র রমজান মাস শুরুর তারিখ নিয়ে
মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে সামান্য পার্থক্য হতে পারে। খালি চোখে চাঁদ দেখার
ওপর নির্ভরতার কারণে কোনো দেশে ১৮ ফেব্রুয়ারি, আবার কোথাও ১৯ ফেব্রুয়ারি থেকে
রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য এবং এমিরেটস
অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, রমজান
শুরুর তারিখে ভিন্নতা থাকলেও শাওয়ালের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের সময় প্রায় একই
হতে পারে, যা সম্ভাব্যভাবে ২০ মার্চের দিকে পড়বে।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যমের বরাতে তিনি বলেন, মহাকাশ গবেষণার তথ্য
অনুযায়ী এ বছর রমজান ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে ১৯
ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে এবং ১৯ মার্চ শেষ রোজা হয়ে ২০ মার্চ ঈদুল
ফিতর উদ্যাপিত হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানের তথ্য অনুযায়ী, ১৭ ফেব্রুয়ারি বিকেলে নতুন চাঁদের জন্ম হলেও
সূর্যাস্তের পরপরই তা অস্ত যাওয়ায় সেদিন চাঁদ দেখা কঠিন হবে। তবে ১৮ ফেব্রুয়ারি
সূর্যাস্তের পর চাঁদ স্পষ্টভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
রমজানের শুরুতে সাহ্রি থেকে ইফতার পর্যন্ত রোজার সময় প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট
হতে পারে, যা মাসের শেষ দিকে বেড়ে প্রায় ১৩ ঘণ্টা ২৫ মিনিটে পৌঁছাবে। ভৌগোলিক
অবস্থানের কারণে বিভিন্ন এলাকায় সাহ্রি ও ইফতারের সময়ের পার্থক্য সর্বোচ্চ
প্রায় ২০ মিনিট পর্যন্ত হতে পারে।
COMMENTS