
এনএনবি, ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকায় গত ডিসেম্বরে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের আর্থিক
সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগের আওতায়
তাঁর পরিবারের জন্য একটি পাকাঘর নির্মাণসহ মোট ৫০ লাখ টাকার সহায়তা প্রদান করা
হবে।
সহায়তার অংশ হিসেবে বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা দেওয়া হবে। নিহতের বাবা ও
স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং তাঁর সন্তানের নামে ৫ লাখ টাকার একটি
এফডিআর করা হবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার এ তথ্য জানান।
প্রধান উপদেষ্টার পরামর্শে গত ২৩ ডিসেম্বর ২০২৫ তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা
উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়া কান্দা গ্রামে দীপু দাসের বাড়ি পরিদর্শন
করে পরিবারের প্রতি সরকারের সহমর্মিতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, দীপু চন্দ্র দাস পরিবারের একমাত্র
উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তাই পরিবারের সার্বিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত
করতে এ সহায়তা দেওয়া হচ্ছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার
তত্ত্বাবধানে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
শিক্ষা উপদেষ্টা বলেন, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ এবং এর
কোনো গ্রহণযোগ্যতা নেই। তিনি জানান, সাম্প্রদায়িক উসকানির মাধ্যমে সংঘটিত এ
ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় কথিত
অবমাননাকর মন্তব্যকে কেন্দ্র করে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা
হয়। এ ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম
চলমান রয়েছে।
COMMENTS