
এনএনবি, নরসিংদী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো.
সাখাওয়াত হোসেন বলেছেন, দেশ বাঁচাতে হলে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে। এ লক্ষ্যে
আগামী মাস থেকে ব্যাপক হারে জন্মনিয়ন্ত্রণের পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা
হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) নরসিংদীর মনোহরদী উপজেলা
অডিটোরিয়ামে অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাভাবিক
প্রসবের জন্য নতুন নতুন ওষুধ ও যন্ত্রপাতি আনা হচ্ছে। দালালের খপ্পরে পড়ে কেউ যেন
মায়েদের অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের দিকে না নিয়ে যান, সে বিষয়ে সবাইকে সচেতন
থাকতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) থেকে পুনরায় হাম প্রতিরোধে
টিকাদান কার্যক্রম শুরু হবে। যারা এখনো শিশুদের টিকা দেননি, তাদের দ্রুত টিকা
দেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
দেশের স্বার্থে কারও ওপর
নির্ভরশীল না থেকে জ্বালানি ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে
সরকার কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাখার
জন্য নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি। সরকার বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির
মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খনন করবে, যাতে দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো
যায়।’
জ্বালানি সংকট নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি ভবনের ছাদে
সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
মনোহরদী উপজেলা
নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে সহকারী কমিশনার (ভূমি) সজিব
মিয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর
রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব এডভোকেট আব্দুল হান্নান,
উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ
বাবুল, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, যুবদলের সহ-সভাপতি মো. তাজুল ইসলাম,
সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান ছোটনসহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত
ছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী উপজেলার বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী
বিতরণ করেন। তিনি এর আগে সকালে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়ায় পল্লী
বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন।
COMMENTS