
এনএনবি, বান্দরবান
বান্দরবানের দুর্গম থানচি উপজেলার রেমাক্রী
ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ
ও চিকিৎসক সংকটের কারণে আক্রান্তদের চিকিৎসা নিয়ে দেখা দিয়েছে চরম ভোগান্তি। ঈদুল
আজহার ছুটিতে চিকিৎসকদের অনুপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
স্থানীয়
জনপ্রতিনিধি ও বাসিন্দাদের তথ্য অনুযায়ী, গত ২২ মে ২০২৬ থেকে এখন পর্যন্ত
রেমাক্রী ইউনিয়নে শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। শুরুতে উপজেলা
স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম চিকিৎসাসেবা দিলেও বর্তমানে স্যালাইন ও ওষুধের
ঘাটতির কারণে রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
রেমাক্রী
ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হ্লাথোয়াইপ্রু মারমা জানান, অধিকাংশ রোগী
পানিশূন্যতায় ভুগছেন। স্থানীয় ফার্মেসিগুলোতেও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা
দিয়েছে। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল রোগীদের পক্ষে উপজেলা সদর বা জেলা হাসপাতালে
গিয়ে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না।
সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য
উমাচিং মারমা বলেন, ‘ইউনিয়নের বিভিন্ন পাড়ায় প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত
হচ্ছে। কিন্তু স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কারণে অনেকেই সময়মতো চিকিৎসা পাচ্ছেন
না।’
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে শিশু ও
বয়স্কদের মধ্যে ডায়রিয়া গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। পরিস্থিতি
মোকাবিলায় জরুরি ভিত্তিতে স্যালাইন, ওষুধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর
গুরুত্বারোপ করেছেন তারা।
এ বিষয়ে থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মোরাদ বলেন, ‘ঈদের ছুটির কারণে
চিকিৎসকেরা বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে
প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।’
COMMENTS