
এনএনবি, গাজীপুর
গাজীপুরে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়েছে। শহীদ তাজউদ্দীন
আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা গত চার দিনে ২৭ থেকে বেড়ে
বর্তমানে ৪৮–এ দাঁড়িয়েছে।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) দুপুর ১২টার দিকে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ হানিফ বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এখন পর্যন্ত এ হাসপাতালে হামে কোনো শিশুর মৃত্যু হয়নি।
হাসপাতালের পরিসংখ্যান বিভাগের কর্মকর্তা আমান উল্লাহ বলেন, গত এক সপ্তাহে মোট
৭৫ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। এর মধ্যে ৪৮ শিশু বর্তমানে চিকিৎসাধীন
আছে। বাকিদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) হামের
উপসর্গ নিয়ে হাসপাতালে ২৭ শিশু ভর্তি ছিল।
এদিকে জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র—টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার
জেনারেল হাসপাতাল, কালীগঞ্জ, কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার এসব হাসপাতালে
হামের উপসর্গ নিয়ে কোনো রোগী ভর্তি নেই।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান
জানিয়েছেন, হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে এক শিশু ভর্তি আছে।
COMMENTS