
এনএনবি
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার কারণে ইরান এবং
যুক্তরাষ্ট্র–ইসরায়েল পরিস্থিতিকে ঘিরে আকাশপথে যাতায়াত অনেকটাই অনিয়মিত হয়ে
পড়েছে। ফলে ছুটিতে দেশে এসে অনেক প্রবাসী কর্মী আটকা পড়েছেন। তাঁদের মধ্যে কারও
ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, আবার কারও মেয়াদ শেষ হওয়ার পথে। এ পরিস্থিতিতে
তারা ভিসা নবায়নের আবেদন করার সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব
আমিরাত, ওমান ও বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীরা এখন ভিসা নবায়নের
জন্য তাঁদের নিয়োগকর্তা বা কফিলের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি অনলাইন
পদ্ধতিতেও ভিসা নবায়নের আবেদন করার সুযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে বা
শিগগির শেষ হতে যাচ্ছে, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে
কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার ভিসার মেয়াদ এক মাস পর্যন্ত বাড়ানোর
সিদ্ধান্ত নিয়েছে।
ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। ফলে
বাংলাদেশে ছুটিতে থাকা কর্মীদের অনেকেই নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে গিয়ে
সরাসরি ভিসা নবায়ন করতে পারছেন না। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রবাসী কর্মীদের
জন্য বিকল্পভাবে ভিসা নবায়নের এই সুযোগ চালু করা হয়েছে।
COMMENTS