
এনএনবি, ফেনী
স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার পাশাপাশি বিচারব্যবস্থা নিশ্চিত
করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৪ মার্চ ২০২৬) সন্ধ্যায় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক–এর একটি
রেস্টুরেন্টে আয়োজিত জেলা এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান
অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ফেনীতে সংগঠনের ১১ জন কর্মী শহীদ
হয়েছেন। তাদের আত্মত্যাগের কারণেই আজ স্বাধীনভাবে কথা বলার সুযোগ তৈরি হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এনসিপি থেকে বর্তমানে ছয়জন
সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি জানান, নির্ধারিত সময়সূচির কারণে জুলাই পদযাত্রার কর্মসূচিতে ফেনীতে যেতে
পারেননি। তবে ঈদের পর সংগঠনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে ফেনী সফরের পরিকল্পনা
রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে দলীয় কার্যক্রম আরও জোরদার করতে নেতা-কর্মীদের
নির্দেশনা দেন।
ইফতার অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন
সিফাত।
ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত–এর সভাপতিত্বে অনুষ্ঠানটি
পরিচালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুহাইমিন তাজিম।
COMMENTS