
এনএনবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ না
করে, তাহলে চলমান সংঘাত বন্ধ করার কোনো সুযোগ নেই। তিনি জানান, তেহরান এই শর্ত
মেনে নতুন নেতৃত্ব নির্বাচন করলে দেশটির অর্থনীতি পুনর্গঠনে যুক্তরাষ্ট্র
সহায়তা দিতে প্রস্তুত।
শুক্রবার (৬ মার্চ ২০২৬) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক
পোস্টে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা বা চুক্তি হতে
পারে না যদি না তারা নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে।
ট্রাম্পের এই কঠোর অবস্থান এমন সময়ে সামনে এল, যখন ইসরায়েলি বাহিনী তেহরানের
সরকারি স্থাপনা এবং হিজবুল্লাহর বৈরুতের ঘাঁটিতে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সতর্ক করে বলেছেন,
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান আরও তীব্র হতে পারে।
ট্রাম্প আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যদি আত্মসমর্পণ করে, তবে
যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দেশটিকে ধ্বংসের প্রান্ত থেকে ফিরিয়ে আনতে কাজ
করবে। তার দাবি, এতে ইরানকে অর্থনৈতিকভাবে আগের চেয়ে আরও শক্তিশালী ও সমৃদ্ধ
করে তোলা সম্ভব হবে।
তবে তিনি এ সহায়তার জন্য একটি শর্তও উল্লেখ করেন। ট্রাম্পের ভাষায়, ইরানকে এমন
একজন ‘মহান ও গ্রহণযোগ্য নেতা’ নির্বাচন করতে হবে, যিনি আন্তর্জাতিক অঙ্গনে
গ্রহণযোগ্য।
পোস্টের শেষে ট্রাম্প তাঁর জনপ্রিয় স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর আদলে
নতুন একটি স্লোগানও ব্যবহার করেন—‘মেক ইরান গ্রেট এগেইন (মিগা)’।
COMMENTS