
এনএনবি, ঢাকা
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা সব সচিব,
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠিয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শিরোনামে পাঠানো
চিঠিতে বলা হয়েছে, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ
ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা,
করপোরেশনসহ সব অফিসে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে
সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
১১ দফা নির্দেশনা
- দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
- বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।
- অফিস চলাকালে প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
- এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।
- অফিসকক্ষ ত্যাগ করার সময় বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
- অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।
- বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
- অফিসের সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।
- যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে।
- গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।
- জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নিজ নিজ নিয়ন্ত্রণাধীন সংশ্লিষ্ট সব
দপ্তর বা সংস্থাকে নির্দেশনা দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।
COMMENTS