
এনএনবি, ঢাকা
সরকারি, স্বায়ত্তশাসিত ও স্ব-শাসিত সংস্থায় চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা
৩২ বছর নির্ধারণসংক্রান্ত অধ্যাদেশে সংশোধন এনেছে সরকার। সংশোধিত অধ্যাদেশ
অনুযায়ী, যেসব প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় কোনো পদে
সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত রয়েছে, সেসব
ক্ষেত্রে বিদ্যমান বয়সসীমা অপরিবর্তিত থাকবে।
সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) জারি করা সংশোধনী অধ্যাদেশ থেকে এ তথ্য জানা গেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ ২০২৪
সালের ১৮ নভেম্বর জারি করা ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি
কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি
নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’ সংশোধন করে নতুন
অধ্যাদেশ জারি করেছে।
নতুন অধ্যাদেশটির নাম দেওয়া হয়েছে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি
কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি
নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’। এটি
অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
সংশোধনের মাধ্যমে আগের অধ্যাদেশের পূর্ণাঙ্গ শিরোনাম, প্রস্তাবনা, ধারা ১-এর
উপধারা (১) এবং ধারা ৩-এর দফা (গ) থেকে ‘আধা-স্বায়ত্তশাসিত’ শব্দটি বাদ দেওয়া
হয়েছে। পাশাপাশি অধ্যাদেশে নতুন একটি উপধারা সংযোজন করা হয়েছে।
সংযোজিত নতুন উপধারা ‘৩ক’-তে বলা হয়েছে, ধারা ৩-এ যা কিছুই থাকুক না কেন, যেসব
সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল
করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থার নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় কোনো পদে
সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত রয়েছে, সেসব
ক্ষেত্রে ওই বয়সসীমাই বহাল থাকবে।
উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিতে
প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়। ওই
অধ্যাদেশের ধারা ৩ অনুযায়ী, বাংলাদেশ সিভিল সার্ভিসের সব ক্যাডারসহ বিসিএসের
বাইরে সব সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত
হয়। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও স্ব-শাসিত সংস্থার যেসব পদে বয়সসীমা ৩০ বা
অনূর্ধ্ব ৩২ বছর ছিল, তা ৩২ বছরে উন্নীত করা হয়। তবে প্রতিরক্ষা কর্ম বিভাগ এবং
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে বিদ্যমান নিয়োগ বিধিমালা বহাল রাখা হয়।
COMMENTS