
এনএনবি, গাজীপুর
গাজীপুর সিটি করপোরেশনের পূবাইলে ইজিবাইক চালককে হত্যার ঘটনার প্রধান আসামি
মমতাজ আলীকে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৩০ মার্চ ২০২৬) দুপুরে সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া
অফিসার) শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, গত ১১ মার্চ সন্ধ্যায় পূবাইল থানাধীন মেঘডুবি এলাকায়
শিরিষ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আসামি
মমতাজ আলীসহ অজ্ঞাতনামা আসামিরা ভিকটিম ইজিবাইক চালক শাহাবুল ইসলামকে (৪৭)
চেতনানাশক ওষুধ সেবন করায়। এতে তিনি অজ্ঞান হলে ঘটনাস্থলে তাকে ফেলে রেখে বাইক
চুরি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন শাহাবুল ইসলামকে অজ্ঞান অবস্থায় উদ্ধার
করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় গত ১৭ মার্চ বিকেলে ভিকটিম শাহাবুল ইসলাম মারা যান। এ ঘটনায় নিহতের বড়
ভাই মো. মাহাবুল ইসলাম বাদী হয়ে পূবাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
শাহ আলম আরও জানান, এ ঘটনায় র্যাব আসামি গ্রেফতারে অভিযানে নামে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২৯ মার্চ) রাতে র্যাব-১ ও র্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে লালমনিরহাট জেলার হাতিবান্দা থানাধীন ভোটমারি বাজারের মেসার্স জনি ট্রেডার্সের সামনে থেকে অভিযুক্ত মমতাজ আলীকে গ্রেফতার করে। গ্রেফতার মমতাজ আলীকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
COMMENTS