
এনএনবি, ঢাকা
জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের বিরুদ্ধে তথ্য প্রদানকারীদের সর্বোচ্চ
১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
সোমবার (৩০ মার্চ ২০২৬) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত ও বিভিন্ন অনিয়ম প্রতিরোধে এর আগে
তথ্য দাতাদের জন্য পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ
সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এতে আরও বলা হয়, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সংশ্লিষ্ট
জেলা প্রশাসক পুরস্কারের অর্থ প্রদান নিশ্চিত করবেন।
এই আর্থিক সম্মানী ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা সবার জন্য উন্মুক্ত থাকবে বলে
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে।
জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট
কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
এই নির্দেশনাগুলোর মধ্যে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মজুতদারি রোধে
পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ ও তদারকি জোরদার করার বিষয়টি উল্লেখযোগ্য।
এছাড়া, জ্বালানি তেলের কার্যকর তদারকি নিশ্চিত করতে সারা দেশের প্রতিটি জেলায়
ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
এ সব টিমের সঙ্গে জনগণের যোগাযোগ সহজ করতে মোবাইল নম্বরও প্রকাশ করা হয়েছে।
পাশাপাশি, তেলের ডিপোগুলোতে নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
সদস্য মোতায়েন করা হয়েছে।
COMMENTS