
এনএনবি, ঢাকা
শীতের আমেজ কাটতে না কাটতেই দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়তে শুরু করেছে।
দিনের বেলায় তাপ অনুভূত হচ্ছে স্পষ্টভাবেই। বসন্তকালে বৃষ্টির সম্ভাবনা কম
থাকলেও এবার ভিন্ন চিত্রের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস
অনুযায়ী, আগামী দু-এক দিনের মধ্যে ঢাকাসহ তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
রয়েছে। তবে এতে রাতের তাপমাত্রা বাড়তে পারে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় প্রকাশিত ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে
জানানো হয়, বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায়
সৃষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী বিষুবীয় ভারত
মহাসাগরে অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে
পারে। অন্যদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি অংশ ভারতের বিহার ও আশপাশের
এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা
দেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও
রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সন্ধ্যা পর্যন্তও আবহাওয়া
প্রধানত শুষ্ক থাকবে, তবে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক
স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ
আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের
তাপমাত্রা কিছুটা কমতে পারে।
মঙ্গলবারও একই তিন বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ দিনে
রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে
পারে।
বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবারও সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ
শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এরপর রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের
কোথাও বৃষ্টিপাত হয়নি।
COMMENTS