
এনএনবি
জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনে (পিবিসি) ২০২৬ সালের জন্য সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগের দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যের ব্যুরো নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে।
এ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রাখার জন্য কমিশনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে জাতিসংঘের শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়।
কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কো সভাপতি নির্বাচিত হয়। বাংলাদেশ ছাড়াও জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়া সহসভাপতির দায়িত্ব পায়।
অনুষ্ঠানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি এবং মহাসচিবের পক্ষে তাঁর শেফ ডি ক্যাবিনেট উপস্থিত থেকে শান্তি বিনির্মাণ কমিশনের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন।
শান্তি বিনির্মাণ কমিশন একটি আন্তরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থা, যা সংঘাত–পরবর্তী দেশগুলোতে শান্তি সুসংহত করতে জাতিসংঘকে সহায়তা করে। কমিশনটি মোট ৩১টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত, যাদের নির্বাচন করা হয় সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘের শীর্ষ সেনা ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে।
উল্লেখ্য, ২০০৫ সালে কমিশনটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সক্রিয় সদস্য। এর আগে ২০১২ ও ২০২২ সালে বাংলাদেশ শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতির দায়িত্ব পালন করে এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতির দায়িত্বে ছিল।
COMMENTS