
এনএনবি ডেস্ক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে এ হত্যাকাণ্ডের দ্রুত ও সঠিক বিচার নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে মহাসচিবের মুখপাত্র স্টেফানে দুজারিক বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে ঘটনাটির দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। পাশাপাশি ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে শান্তিপূর্ণ ও অনুকূল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান মহাসচিব।’
একই ধরনের উদ্বেগ ও আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।
এক বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, ‘প্রতিশোধপরায়ণতা ও বিদ্বেষ সমাজে বিভাজন আরও গভীর করবে এবং সবার মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত করবে।’ তিনি কর্তৃপক্ষকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
তিনি আরও জানান, ‘ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়েছে। এসব ঘটনায় ভবন ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।’
আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন, ‘নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মতপ্রকাশের অধিকার সুরক্ষিত করা এখন অত্যন্ত জরুরি।’
তিনি বলেন, ‘মানবাধিকার রক্ষা ও সহিংসতা প্রতিরোধে কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রস্তুত রয়েছে।’
COMMENTS