
এনএনবি ডেস্ক
অস্ট্রেলিয়ার সিডনিতে জনসমাগমপূর্ণ এক সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপরজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশের বরাতে জানা গেছে, স্থানীয় সময় রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় সিডনির বন্ডি সৈকতে এই হামলা ঘটে। পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে।
গুলিবর্ষণে আহত ২৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে এবিসি নিউজ।
বিবিসির খবরে বলা হয়েছে, ইহুদিদের বার্ষিক ধর্মীয় উৎসব ‘হানুক্কা’ উপলক্ষে ওই সন্ধ্যায় বন্ডি সৈকতে এক হাজারের বেশি মানুষ জড়ো হয়েছিলেন। উৎসব চলাকালেই হামলাকারীরা গুলি চালায়, যা অনুষ্ঠানটিকেই লক্ষ্য করে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
হামলাকারীদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, “একজন অস্ট্রেলীয় ইহুদির ওপর হামলা মানে পুরো অস্ট্রেলিয়ার ওপর হামলা।”
এবিসি নিউজ জানায়, সন্ধ্যার দিকে বন্ডি সৈকতে হঠাৎ গুলির শব্দ ছড়িয়ে পড়লে আতঙ্কে উত্তর দিক থেকে শত শত মানুষ দৌড়ে পালাতে শুরু করেন। সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে ধারণ করা এবং এবিসি নিউজের যাচাই করা ভিডিওতে এই বিশৃঙ্খল পরিস্থিতির দৃশ্য দেখা যায়।
চিলির নাগরিক ক্যামিলো ডিয়াজ (২৫) এএফপিকে বলেন, “আমি একের পর এক গুলির শব্দ শুনেছি। পরিস্থিতি ছিল অত্যন্ত ভীতিকর। মনে হচ্ছিল ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে।”
পুলিশ জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে তারা গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রথম সতর্কবার্তায় সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। প্রায় ৪০ মিনিট পর আরেকটি বার্তায় জানানো হয়, বন্ডি সৈকত এলাকা থেকে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে ব্যাপক পুলিশি উপস্থিতি ও জরুরি সেবাকর্মীদের তৎপরতা দেখা গেছে। আহতদের স্ট্রেচারে করে সরিয়ে নিতে দেখা যায়।
হামলার পরপরই প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ নিউ সাউথ ওয়েলসের রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। এক বিবৃতিতে তিনি বলেন, “বন্ডিতে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও আতঙ্কজনক। পুলিশ ও জরুরি সেবাকর্মীরা জীবন বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন। ক্ষতিগ্রস্ত সবার প্রতি আমি গভীর সমবেদনা জানাই।”
পরবর্তী টেলিভিশন ভাষণে তিনি বলেন, হানুক্কা উৎসবকে লক্ষ্য করেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
এনএসডব্লিউ পুলিশ আরও জানায়, ঘটনাস্থলের কাছাকাছি একটি গাড়ি থেকে সন্দেহজনক বিস্ফোরক উদ্ধার করা হয়েছে, যার সঙ্গে নিহত এক হামলাকারীর যোগসূত্র রয়েছে। তদন্ত চলছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
COMMENTS