
এনএনবি, সাতক্ষীরা
সাতক্ষীরায় দাঁড়িপাল্লা প্রতীকের এক প্রার্থীর নির্বাচনী সভায় জামায়াতপন্থী গান
পরিবেশনের অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মহিবুল্লাহকে
সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল
ইসলাম এ সংক্রান্ত আদেশ দেন।
বরখাস্ত হওয়া এএসআই মো. মহিবুল্লাহ নড়াইল জেলার বাসিন্দা। বর্তমানে তিনি যশোর
পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনসে দায়িত্ব পালন
করেছেন।
যশোর পুলিশের তথ্যের বরাতে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান
খাঁন জানান, মো. মহিবুল্লাহ গত ২৬ নভেম্বর ১৫ দিনের ছুটিতে নিজ জেলা নড়াইলে যান
এবং ছুটি শেষে ১২ ডিসেম্বর কর্মস্থলে যোগ দেন। ছুটিকালীন সময়ে তিনি নড়াইল থেকে
সাতক্ষীরায় এসে একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন, যেখানে তিনি সংগীত পরিবেশন ও
বক্তব্য দেন। এতে পুলিশের পেশাদার আচরণ ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করে
বিষয়টি রেঞ্জ ডিআইজিকে অবহিত করা হয়। পরবর্তী সময়ে তাঁকে সাময়িক বরখাস্ত করা
হয়।
রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) দাঁড়িপাল্লা প্রতীকের এক প্রার্থীর সভায় গান
পরিবেশনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু
হয়। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে দেখা যায়, সাতক্ষীরা–২ (সদর-দেবহাটা) আসনের
প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেকের নির্বাচনী পথসভায় পুলিশের পোশাক পরিহিত
অবস্থায় মো. মহিবুল্লাহ গান গাইছেন এবং মাঝে মাঝে ‘নারায়ে তাকবির’ স্লোগান
দিচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে এএসআই মো. মহিবুল্লাহ বলেন, তিনি কোনো রাজনৈতিক বক্তব্য
দেননি। তাঁর দাবি, প্রার্থী তাঁকে পুরস্কৃত করায় তিনি কেবল একটি ইসলামি সংগীত
পরিবেশন করেছিলেন। এ কথা বলার পর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন এবং পরে তাঁর
নম্বর বন্ধ পাওয়া যায়।
সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম বলেন, পুলিশের পোশাক পরা ওই
ব্যক্তি নিজ উদ্যোগে মঞ্চে উঠে গান গাইতে চান। তাঁরা নিষেধ করলেও তিনি সংগীত
পরিবেশন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন আরও জানান, অভিযুক্ত পুলিশ সদস্য
বর্তমানে সাতক্ষীরায় কর্মরত নন। তিনি স্পষ্ট করে বলেন, পুলিশের পোশাক পরে কোনো
রাজনৈতিক দলের প্রচারণা বা কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ নেই।
COMMENTS