
এনএনবি, ঢাকা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ঢাকায় নিযুক্ত
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে
হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য
ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর এই নিয়ে
অন্তত পঞ্চমবারের মতো ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করা হলো।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫)
সকালে হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে এনে দিল্লিতে অবস্থানরত ক্ষমতাচ্যুত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধারাবাহিক উসকানিমূলক বক্তব্য নিয়ে সরকারের গভীর
উদ্বেগের কথা জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) ঢাকায় জুলাই অভ্যুত্থানের সমর্থক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তরা গুলি চালায়। গুরুতর
আহত অবস্থায় তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। হামলার সঙ্গে জড়িতরা ভারতে পালিয়ে
গেছেন—এমন তথ্য ও গুঞ্জনের কথাও বৈঠকে তুলে ধরা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হত্যাচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে ভারতে
পালাতে না পারে, সে বিষয়ে আগাম সহযোগিতা চাওয়া হয়েছে। পাশাপাশি, তাঁরা যদি
ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেও থাকে, তবে তাঁদের দ্রুত আটক করে বাংলাদেশের কাছে
প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়।
COMMENTS