
এনএনবি, ঢাকা
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক
তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট জাতীয়
সংসদ ভবনের অধিবেশন কক্ষে এই গুরুত্বপূর্ণ পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত
হবে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) দুপুরে নির্বাচন কমিশনের
সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতি
নির্বাচনের সকল আইনি ও প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে কমিশনের
পক্ষ থেকে জানানো হয়েছে।
তফসিলের বিস্তারিত তথ্য তুলে ধরে সচিব জানান,
আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে প্রধান
নির্বাচন কমিশনার বা সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত
হয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। সংগৃহীত মনোনয়নপত্রগুলো ১৬ আগস্ট সকাল ১০টায়
যাচাই-বাছাই করা হবে। এছাড়া, কোনো প্রার্থী যদি তাঁর প্রার্থিতা প্রত্যাহার করতে
চান, তবে ১৮ আগস্ট বিকেল ৪টার মধ্যে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনের মূল পর্ব
অর্থাৎ ভোটগ্রহণ ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনের অধিবেশন
কক্ষে বিরতিহীনভাবে চলবে।
ইসি সচিব আখতার আহমেদ আরও জানান যে,
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
তফসিল ঘোষণার পর থেকে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে
প্রয়োজনীয় সকল প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী
সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন। বর্তমান
রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই এই নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা
রয়েছে।
COMMENTS