
এনএনবি, ঢাকা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের তফসিলি
ব্যাংকগুলো টানা সাত দিন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী
২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
সোমবার
(১৮ মে ২০২৬) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনপ্রশাসন
মন্ত্রণালয়ের ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ঈদের আগে গ্রাহকদের লেনদেনের চাপ সামাল দিতে ২৩ ও ২৪ মে দেশের সব তফসিলি
ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচিতে খোলা থাকবে।
ঈদকে কেন্দ্র
করে তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধ
নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। এ কারণে ঢাকা মহানগরীসহ আশুলিয়া,
টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের গার্মেন্টস-সংশ্লিষ্ট
এলাকার ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা রাখা হবে।
বাংলাদেশ
ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ওই দুই দিনে সংশ্লিষ্ট শাখাগুলোর অফিস সময় থাকবে
সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা
১টা পর্যন্ত।
এ ছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায়
অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানিসংক্রান্ত কার্যক্রম
সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটিকালীন সময়ে, ঈদের দিন
ছাড়া, প্রয়োজনীয় ব্যাংকিং সেবা চালু রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে ব্যবস্থা নিতে
বলা হয়েছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ছুটির দিনে দায়িত্ব
পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।
COMMENTS