
এনএনবি, ঢাকা
সারাদেশে জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে
চিহ্নিত করে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে দেওয়া
প্রথম ভাষণে তিনি এ ঘোষণা দেন।
ভাষণে তিনি বলেন, গণতন্ত্রকামী জনগণের সমর্থনেই দেশে নাগরিকের অধিকার, সম্মান ও
মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে। ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে পাহাড়
ও সমতলে বসবাসকারী সকল নাগরিকের জন্য একটি নিরাপদ রাষ্ট্র গঠনের অঙ্গীকার
পুনর্ব্যক্ত করেন তিনি। স্বনির্ভর, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই
সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
নতুন সরকার ভঙ্গুর অর্থনীতি ও অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে
দায়িত্ব গ্রহণ করেছে জানিয়ে তিনি বলেন, পূর্ববর্তী শাসনামলের দুর্নীতি ও
দুঃশাসনের প্রভাব এখনো বিদ্যমান। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি
নিয়ন্ত্রণকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি। জুয়া ও মাদকের
বিস্তারকে সামাজিক ও নিরাপত্তাজনিত সংকট হিসেবে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীকে
সর্বাত্মক কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভের পাঁচ দিন পর প্রধানমন্ত্রী
হিসেবে শপথ নেন তারেক রহমান। ২৯৭টি আসনের মধ্যে এককভাবে ২০৯টিতে বিজয়ী হয়ে
সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শপথের পরদিন থেকেই তিনি
আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
COMMENTS