
এনএনবি, ঢাকা
বাংলাদেশের পুঁজিবাজারে পরিবেশবান্ধব ও সামাজিক উন্নয়নভিত্তিক বিনিয়োগ
সম্প্রসারণে থিম্যাটিক বন্ড বাজার উন্নয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ
অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।
এই লক্ষ্য বাস্তবায়নে বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) দুই সংস্থার মধ্যে একটি সমঝোতা
স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে ‘সাসটেইনেবল
ফাইন্যান্স কোলাবোরেশন’ শীর্ষক এই এমওইউতে স্বাক্ষর করেন বিএসইসির চেয়ারম্যান
খন্দকার রাশেদ মাকসুদ এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান
লিলার।
সমঝোতা অনুযায়ী, ইউএনডিপি বাংলাদেশ টেকসই অর্থায়ন ও বিনিয়োগ ট্যাক্সোনোমি
প্রণয়ন, থিম্যাটিক বন্ড ইস্যুকারীদের ইস্যুর আগে ও পরে কারিগরি সহায়তা, কমিশন ও
বাজার সংশ্লিষ্ট অংশীজনদের প্রশিক্ষণ এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর অভিজ্ঞতা
বিনিময়ে সহযোগিতা করবে।
এ ছাড়া থিম্যাটিক বন্ড থেকে সংগৃহীত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রকল্প
পর্যবেক্ষণ জোরদার, বন্ড রিপোর্টিং সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক মান অনুযায়ী
প্রভাব পরিমাপ ও ব্যবস্থাপনা কাঠামো প্রবর্তন এবং তৃতীয়পক্ষীয় সত্যায়ন
ব্যবস্থার বিকাশেও সহায়তা দেবে সংস্থাটি।
এই অংশীদারত্বের মাধ্যমে গ্রিন, সোশ্যাল, ক্লাইমেট, এসডিজি ও অন্যান্য টেকসই
থিম্যাটিক বন্ড ইস্যু বাড়িয়ে দেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে
ভূমিকা রাখার আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, নিয়ন্ত্রক
সংস্থা হিসেবে বিএসইসি সুশাসন, স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থা জোরদারের
মাধ্যমে একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য পুঁজিবাজার গড়ে তুলতে কাজ করছে।
ইউএনডিপিসহ অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে সহায়ক ও পূর্বাভাসযোগ্য
নিয়ন্ত্রক পরিবেশ তৈরির প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, থিম্যাটিক বন্ড
বাংলাদেশের পুঁজিবাজারে পরিবেশগত ও সামাজিক খাতে দীর্ঘমেয়াদি পুঁজি আহরণের
গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করতে পারে। জলবায়ু ঝুঁকি মোকাবিলা, উন্নয়ন
লক্ষ্যমাত্রা অর্জন এবং অর্থনৈতিক উত্তরণে এ ধরনের বন্ড কার্যকর ভূমিকা রাখতে
সক্ষম বলে তিনি উল্লেখ করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিস্ট
ড. মালিহা মুজাম্মিল, কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজার ওয়াইস প্যারে এবং বিএসইসির
কমিশনার মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন
কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
COMMENTS