
এনএনবি, গাজীপুর
শব্দের শক্তিকে বিশ্বব্যাপী উদ্যাপনের আহ্বান জানিয়ে প্রতি বছর ৯ জুনকে আন্তর্জাতিক সাহিত্য দিবস হিসেবে পালনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন লেখক, সাংবাদিক ও উদ্যোক্তা জুলীয়াস চৌধুরী। শনিবার (২১ জুন ২০২৫) বিকেলে গাজীপুর শহরের শিববাড়িস্থ গাজীপুর মিডিয়া সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সাহিত্য অমনিবাস-এর সাপ্তাহিক সাহিত্য আসরের জনাকীর্ণ প্রথম আয়োজনে তিনি এ ঘোষণা দেন। ঘোষণার মুহূর্তে উপস্থিত সাহিত্যপ্রেমীরা সম্মিলিত করতালিতে উদ্যোগটিকে স্বাগত জানান—একটি নতুন সাহিত্যিক দিনপঞ্জির সূচনার সাক্ষ্য রেখে।
সাহিত্য আসরে উপস্থিত ছিলেন লালনসাধক, সুরকার ও গীতিকার ফকির এনাম সাঁই; লেখক, সাংবাদিক ও গবেষক এবং লিটারেচার অমনিবাস-এর সহ-প্রতিষ্ঠাতা সাবা মুরতাজ; অবসরপ্রাপ্ত মেরিন ইঞ্জিনিয়ার, কবি, সাংবাদিক, গবেষক, সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আহসান হাবিব; নাট্যকার ও অভিনেতা মুছা খান রানা; নাট্যকার, অভিনেতা ও সাংবাদিক সাদেকুল ইসলাম; কবি মো. মাহাবুবুর রহমান, কবি শাহ সুলতান আতিক, কবি শামীম মিয়া; এবং গাজীপুর মিডিয়া সেন্টারের পরিচালক মো. নাসির উদ্দিনসহ আরও অনেকে।
এর আগে ৯ জুন ২০২৫ তারিখে সাহিত্য অমনিবাস-এর প্রতিষ্ঠা সভায় জুলীয়াস চৌধুরী প্রথমবারের মতো প্রতি বছর ৯ জুন আন্তর্জাতিক সাহিত্য দিবস উদ্যাপনের প্রস্তাব উত্থাপন করেন, যা এবার আনুষ্ঠানিক রূপ পেল।
উল্লেখ্য, সাহিত্য অমনিবাস সৌন্দর্য ও সৃষ্টির চেতনায় গড়ে ওঠা এক অনুপ্রেরণামূলক, অন্তর্ভুক্তিমূলক, মুক্ত ও সৃজনশীল সাহিত্য উদ্যোগ। এর মূল দর্শন “সকলের জন্য সাহিত্য, সকলের কল্যাণে সাহিত্য।”
COMMENTS