
এনএনবি, ঢাকা
ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যান–এর সঙ্গে আর চুক্তি হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।সোমবার (১৮ মে ২০২৬) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
আগামীকালের মধ্যেই নতুন প্রধান কোচের সঙ্গে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।
শুরুতে জাতীয় দলের কোচ হিসেবে কোলম্যানই ছিলেন বাফুফের প্রধান পছন্দ। তাঁর পারিশ্রমিকসংক্রান্ত জটিলতাও প্রায় সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়ায় কোচের এজেন্টদের অতিরিক্ত ফি দাবি।
বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে তাবিথ আউয়াল বলেন, `চূড়ান্ত পর্যায়ে গিয়ে এজেন্ট ফি নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ তৈরি হয়।' তাঁর ভাষ্য, `বিষয়টি শুধু অর্থের নয়, এটি নীতিগতও। আগে কখনো বাফুফে কোনো কোচের এজেন্ট ফি দেয়নি। বাজেট প্রস্তুত থাকা সত্ত্বেও তারা চুক্তি চূড়ান্ত করতে আগ্রহ দেখায়নি।'
বাফুফের কোচের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যান ছাড়াও রয়েছেন জার্মান কোচ বার্নড স্টর্ক এবং টমাস ভুলি।
আগামী ৫ জুন সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই কারণে দ্রুত কোচ নিয়োগ দিতে চায় বাফুফে। তাবিথ আউয়াল জানান, আগামী ২৪ মে থেকে নতুন ও স্থায়ী কোচের অধীনে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে।
COMMENTS