
এনএনবি, ঢাকা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার-এ তিনি
ফুল দেন। ঘড়ির কাঁটা ১২টা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছে
ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজতে থাকলে তিনি
পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি
শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাতে অংশ নেন
প্রধানমন্ত্রী।
এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর
প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বীর
মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
পরে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ
করেন তিনি। আনুষ্ঠানিকতা শেষে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
খালি পায়ে, হাতে ফুল নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ একুশের গান গাইতে গাইতে ভাষা
আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
COMMENTS