
এনএনবি, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেও
মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক
পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) সংসদে বিরোধী দলের জন্য নির্ধারিত বৈঠক কক্ষে
আলোচনা শেষে ১১ দলীয় জোটের অংশীদার দলটির নির্বাচিত প্রতিনিধিরা এই সিদ্ধান্ত
জানান।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ
আল আমিন এক ফেসবুক পোস্টে বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনগণের রায়ের প্রতি
সম্মান জানিয়ে দলটির নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের
সদস্য—উভয় পদেই শপথ গ্রহণ করেছেন। তবে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী
দল (বিএনপি) জনগণের রায় ও জুলাইয়ের প্রত্যাশাকে উপেক্ষা করায় মন্ত্রিপরিষদের শপথ
অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ
না নেওয়ার সিদ্ধান্ত জানালে বৈঠকে বসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতৃত্বাধীন
১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। পরে তারা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের
সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
COMMENTS