
এনএনবি, ঢাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘জুলাই
সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও
কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) জাতীয় সংসদে শপথ নেওয়ার
পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ
অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
শপথ গ্রহণ উপলক্ষে সংসদ ভবন এলাকায় সকাল থেকেই ভিড় দেখা যায়। নবনির্বাচিত সংসদ
সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা যায়।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা যায়, প্রথমে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের
শপথ পড়ানো হয়। পরে বিএনপি জোটের তিনজন এবং দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে
ইসলামী-র নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর কথা রয়েছে। এরপর জোটের শরিক দলগুলোর
সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
শপথ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে সই করবেন এবং পরিচয়পত্রের জন্য ছবি, আঙুলের ছাপ ও
ডিজিটাল স্বাক্ষর প্রদান করবেন। এ জন্য সংসদ ভবনে একাধিক বুথ স্থাপন করা হয়েছে।
শপথ গ্রহণের পর বিএনপির সংসদীয় দলের বৈঠক বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা
রয়েছে। ওই বৈঠকে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচন করা হতে
পারে। একই সঙ্গে নতুন সংসদের স্পিকার নির্বাচনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে
পারে, যা প্রথম অধিবেশনে কণ্ঠভোটে অনুমোদিত হবে।
সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদীয় দল রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীকে শপথ
পড়ানোর আনুষ্ঠানিক অনুরোধ জানাবে। এর ভিত্তিতে বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ
প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে এবার শপথ অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা
হয়েছে। সংসদ সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকেও সাধারণ ছুটি দেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
এ ছাড়া ত্রয়োদশ সংসদের সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা শপথ
গ্রহণেরও প্রস্তুতি নেওয়া হয়েছে।
COMMENTS